গত ২৯ জুন ২০২৬ তারিখে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন স্থান থেকে এক কন্যা নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া এর উদ্যোগে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসার সাথে সাথে নবজাতকের নিরাপত্তা, সুরক্ষা এবং যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।
এ লক্ষ্যে গত ৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ এর সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ড, গজারিয়া উপজেলায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তার বৈধ অভিভাবকত্ব প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৯ জুলাই জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যবৃন্দ তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সদস্যদের সুপারিশ, শিশুর সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনা করে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণপূর্বক গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা জনাব রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির নিকট নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসনের এই উদ্যোগ একটি অসহায় শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি শিশুর অধিকার ও কল্যাণ রক্ষায় সরকারের মানবিক ও দায়িত্বশীল অঙ্গীকারেরই প্রতিফলন।