টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে খালে ডুবে মোঃ সাকিব নামে এক বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ধীপুর ইউনিয়নের ধীপুর সাকিন এলাকায় রাস্তা সংলগ্ন সরকারি খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাকিব নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কয়লাটি গ্রামের মুন্না শেখের ছেলে। বর্তমানে তারা টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর এলাকায় রতন হাওলাদারের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে সাকিবকে বাড়ির উঠানে খেলতে দেখে তার মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে দুপুর আনুমানিক আড়াই টার দিকে বাড়ির পাশের রাস্তা সংলগ্ন সরকারি খালের কাছে গিয়ে সাকিবকে পানিতে ভাসতে দেখা যায়।
পরে শিশুটিকে পানি থেকে উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা দেখতে পান, সে আর বেঁচে নেই। এ ঘটনায় এলাকায় ও শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ।