নিজস্ব প্রতিবেদক | টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে টঙ্গিবাড়ী থানার একটি বিশেষ টিম উপজেলার উত্তর বেতকা এলাকার ন্যাশনাল কোল্ড স্টোরেজের পরিত্যক্ত ভবনের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তর বেতকা এলাকার আমজাদ সিকদারের ছেলে রাব্বি সিকদার (২৬), গিয়াস উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম বিন্দু (৪৮) এবং কান্দাপাড়া এলাকার আবুল কাশেম শেখের ছেলে কামাল হোসেন (৫৮)।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ জানান, অভিযানে উদ্ধার হওয়া ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তিনজনকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।